৫২ সালের ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে গৌরনদীর টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে রোববার একটি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি ও নেত্রনালী অপারেশন, চশমা এবং ঔষধ সরবরাহ করা হয়।
ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করেন ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আব্দুল হাকিম এবং সাংবাদিক সোলায়মান তুহিন। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে কর্মরত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ বেনজীর বুশরা। এছাড়া কাউন্সিলর হিসেবে ছিলেন সিগ্ধা গোলদার, শামীমা ফেরদৌস ও বৃষ্টি মন্ডল।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের তদারককারী মোঃ মোফাজ্জেল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উল্লেখ্য, ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে প্রতি তিন মাস অন্তর এই ধরনের সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দরিদ্র মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এবারের ক্যাম্পে মোট ২৬২ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬৯ জনকে ছানি অপারেশন এবং ৮ জনকে নেত্রনালী অপারেশন সম্পন্ন করা হয়েছে। এছাড়া ১৮৫ জন রোগীর মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
