সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে উজিরপুর মহিলা কলেজে একটি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ সাইফুল আহছান বুলবুল, শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও কবি আব্দুল হাকিম, কথাসাহিত্যিক ও অবসরপ্রাপ্ত সচিব কবি মহাদেব বসু, কবি প্রকাশ রায়, কবি শেখ খলিলুর রহমান, কবি মোহাম্মদ জাকারিয়া, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও কবি আব্দুর রহিম।
আলোচনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ শাহিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উজিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আফরোজা, বাচিক শিল্পী কাজী সেলিনা, ফাইজুল নাহার শেলি, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উত্তল চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের সাহিত্যপ্রেমী ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজিরপুর মহিলা কলেজের শিক্ষক রতন কুমার চ্যাটার্জী।
বক্তারা বলেন, এ পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।
