আগৈলঝাড়ায় চাঁদা না দেওয়ায় শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুল মাঠ ভরাটের কাজ থেকে চাঁদা দাবি করে না পাওয়ায় এক সহকারী শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনে হেনা বাদী হয়ে রোববার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম মৃধাকে প্রকল্প চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

প্রকল্প চেয়ারম্যান আবুল কালাম মৃধা অভিযোগ করেন, মাঠ ভরাটের কাজ শুরু হওয়ার পর থেকেই চাউকাঠি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত শুক্রবার রাতে আবুল কালাম মৃধা স্থানীয় চাউকাঠি বাজারের একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় নুর আলম সেখানে উপস্থিত হয়ে পুনরায় চাঁদার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় নুর আলম ক্ষিপ্ত হয়ে টর্চ লাইট দিয়ে পিটিয়ে শিক্ষককে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগের বিষয়ে নুর আলম হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *