গৌরনদী উপজেলায় ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানুষ মানুষের জন্য যুব সংগঠন এ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সচেতনতা। ঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমেই এ রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি কিশোরীর শৈশব, শিক্ষা ও সুস্থ ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। এ সমস্যা রোধে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক গৌরব মজুমদার, ফায়ার সার্ভিসের সাব অফিসার মাহবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মানুষ মানুষের জন্য যুব সংগঠনের সভাপতি শামিম সরদার। সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মাসুদ করিম।
