নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র তাওসীফের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর বুধবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত তাওসীফ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে। সে স্থানীয় পূর্ব চরকুতুবপুর এ.কে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে নানা কাওসার হোসেনের সঙ্গে আড়িয়াল খাঁ নদীর কুতুবপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নামে তাওসীফ। একপর্যায়ে প্রবল স্রোতে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে বিষয়টি গৌরনদী ফায়ার সার্ভিসকে জানানো হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৫ ঘণ্টা অনুসন্ধানের পর তাওসীফের হদিস না মেলায় বরিশাল নদীবন্দর স্টেশনের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দলের সদস্যরা বুধবার রাত সাড়ে ৭টার দিকে তাওসীফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার কাজ শেষে রাতেই পুলিশের মাধ্যমে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *