বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান। আসন্ন পবিত্র ঈদুল ফিতর যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এবং সাধারণ মানুষ যেন কোনো রকম ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দেন তিনি।
উক্ত সভায় গৌরনদী উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. শরিফ এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন। এছাড়াও আইসিটি কর্মকর্তা বিপ্লব চন্দ্র দেবনাথ প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তথ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. সোহানুর রহমান সোহাগ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. তৌকির রহমান। জনপ্রতিনিধিদের মধ্যে ইউপি চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, আব্দুর রাজ্জাক ও আব্দুর রব সভায় অংশগ্রহণ করেন। মহাসড়কে যানজট নিরসন এবং ঈদের সময় বিশেষ নজরদারি জোরদার করার বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
