মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজাকার, আলবদর ও আলশামসের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাঁশ ও খড় দিয়ে তৈরি তিনটি কাঠামোর ওপর তিনটি মাটির হাঁড়ি স্থাপন করা হয়, যাতে লেখা থাকে ‘রাজাকার, আলবদর, আলশামস’। শিক্ষার্থীরা এই প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন এবং অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ বলেন, রাজাকার, আলবদর ও আলশামস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অধ্যায় সৃষ্টি করেছে। যারা আজও দেশের সার্বভৌমত্ব অস্বীকার করে পাকিস্তানপ্রীতির রাজনীতি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই প্রতীকী কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, আলবদর ও আলশামসের সহযোগিতায় লাখ লাখ মানুষকে হত্যা করে এবং অসংখ্য মা-বোনের সম্মান হরণ করে। সেই দেশদ্রোহী শক্তির প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানাতেই এই আয়োজন করা হয়েছে।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, একাত্তরের অনেক রাজাকার আজ আর বেঁচে নেই, কিন্তু তাদের আদর্শধারীরা এখনও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান (সোহাগ) এবং সহসভাপতি জান্নাতুন নাঈম (তুহিনা) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
