সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু, ছয়জন আহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর আট বছরের ছেলে প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শাখরা গ্রামের আবদুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) এবং তাদের ছেলে মোস্তাকিম ইসলাম (৮)। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন খুলনা সদর উপজেলার মোয়াজ্জেম হোসেন (৫৩), রূপসা উপজেলার দিয়াড়া এলাকার খাইরুল আলম (৩৮), পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার মিনু (৩৫), দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার নুরুজ্জামান (৩৫), কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার তাপস (৩৭) এবং তালা উপজেলার ভারসার মনোয়ারা বেগম (৫৫)।

আহত মনোয়ারা বেগম জানান, তালা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল একটি মাহিন্দ্রা গাড়ি। ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন এবং ছয়জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক আক্তার মারুফ জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ছয়জন আহত বর্তমানে চিকিৎসাধীন, তাঁদের মধ্যে দুজন নারী।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া খুলনার খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *