ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড থেকে আটক চারজন আন্তজেলা ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং অন্যান্য সরঞ্জামাদি সহ চার ডাকাতকে বাটাজোর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার ও তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই রাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বাসস্ট্যান্ডের পাহারাদাররা সন্দেহ বোধ করেন। তাদের গতিরোধ করার চেষ্টায় তারা পালাতে চায়। তখন স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় চার ডাকাতকে ধাওয়া করে আটক করা হয় এবং গণপিটুনির পর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের কাছ থেকে চারটি দেশীয় ধারালো রামদা, ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তারেক জমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুইটি এবং অশোক মন্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, রাতের ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করেছে। পরে তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
