বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার প্রত্যুষে পুলিশ অভিযান পরিচালনা করে। গৌরনদী বাসস্ট্যান্ড ও লাখেরাজ কসবার আকুব্বর সরদারের পুরাতন পানের বরজের পাশে একটি টংঘরে মাদক সেবন ও বিক্রয় হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। আটককৃতরা হল:
১. মো. মিরাজ বেপারী (২৫)
২. মো. রাহাত লাদেন সরদার (২২)
তাদের সহযোগী মো. শাহাদুল সরদার (৩৫) পালিয়ে যায়। আটক আসামিদের দেহ তল্লাশিতে মিরাজের কাছ থেকে ৬ পিস ইয়াবা, রাহাতের কাছ থেকে ৪ পিস ইয়াবা এবং বিক্রয় কাজে ব্যবহৃত একটি ফয়েল রোল জব্দ করা হয়। মোট ১০ পিস ইয়াবার ওজন ১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
একই দিনে দুপুর সোয়া ১টার দিকে চর গাধাতলী এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় একটি ওয়ার্কশপের সামনে দুই ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ এসে তাদের ধাওয়া করলে দুজনকে আটক করা হয়। তারা হল:
১. মনির হাওলাদার (৩৫)
২. সোহেল বেপারী (৪২)
জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করে যে তার কাছে গাঁজা রয়েছে। পরে তার কাছে থাকা কালো ব্যাগ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা।
উভয় ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ওসি মো. তরিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।
