বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুসহ ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
একই সাথে বিএনপি নেতা সবুজ সিকদারকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল লোকমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন:
-
মোঃ রুবেল গোমস্তা, সভাপতি, গৌরনদী উপজেলা ছাত্রদল।
-
মোঃ হুমায়ুন আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক, মাহিলাড়া ইউনিয়ন বিএনপি।
-
মোঃ জোবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার যোগ্য উত্তরসূরী ও বিনা ভোটের চেয়ারম্যান’ হিসেবে পরিচিত সন্ত্রাসী পিকলু গুহসহ গৌরনদী উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পরিষদে তালাবদ্ধ করে দেওয়াসহ লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির ভেতরে যারা ফ্যাসিবাদের সহযোগীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের স্বপদে বহাল রাখতে সাহায্য করছেন, তাদেরও চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
