বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনী প্রচারণার জেরে শুক্রবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় নারিকেল গাছ প্রতীকের প্রার্থীর এক সমর্থকের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত জামাল বেপারীকে (৩৭) উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মো. আলাউদ্দিন ভূঁইয়ার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন বেপারী এবং তার ভাই জামাল বেপারীকে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আহত জামাল বেপারী অভিযোগ করেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের সমর্থক আতিকুর রহমান ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাকে পিটিয়ে রক্তাক্ত করার পাশাপাশি তার হাতের একটি আঙুল ভেঙে দেওয়া হয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার শিকার জামাল বেপারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে এলাকায় যাতে নতুন করে কোনো সহিংসতা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
