দক্ষিনবঙ্গ সাহিত্য পরিষদের আগৈলঝাড়া শাখার উদ্যোগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সংগঠনের প্রয়াত উপদেষ্টা নজমুল হোসেন আকাশের স্মরণসভা গত রবিবার সন্ধ্যায় বিএইচপি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া শাখার সভাপতি ও কথাসাহিত্যিক মহাদেব বসুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ ও কথাসাহিত্যিক তপংকর চক্রবর্তী। সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মননশীল সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক মো. রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং দক্ষিনবঙ্গ সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
