গৌরনদীতে শিশু হত্যার ঘটনায় মামলা ও ৪ জন গ্রেপ্তার, দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ

বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে খুন হওয়া ৬ বছরের শিশু সাফওয়ান হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিহতের বাবা ইমরান সিকদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৯ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামি—রোমান চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, রাবিনা আক্তার ও আমিনা বেগমকে গ্রেপ্তার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

এদিকে শুক্রবার বিকেলে শিশু সাফওয়ানের জানাজা শেষে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং এজাহারভুক্ত দুই আসামি লোকমান হোসেন ও ইউপি সদস্য মোজাম্মেল হোসেন চৌধুরীর বাড়িতে হামলা চালায়। উত্তেজিত জনতা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর একপর্যায়ে ঘর দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের বাধার মুখে প্রথম দিকে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরবর্তীতে প্রশাসনের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আসামিরা আগে থেকেই পালিয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা শিশু সাফওয়ানকে অপহরণ করে হত্যা করেছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। উল্লেখ্য, গত বুধবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার ভোরে একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছিল। এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের কঠোর বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *