মাদকবিরোধী অভিযানে গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গ্রেফতার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানার বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয়।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, “দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে আটক করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে সরাসরি ইয়াবা পাওয়া যায়নি, তবে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।”

ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানকালে টরকী বাসস্ট্যান্ড ঈগল কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাবকে আটক করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।”

গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, “যে কোনো মাদক সেবন বা বেচাকেনার ক্ষেত্রে দল প্রশ্রয় দেয় না। আইন নিজের গতিতে চলবে। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপরাধে জড়িত হয় এবং তা প্রমাণিত হয়, তবে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *