আওয়ামী লীগ নির্বাচনে এলে ২০০১ সালের মতো নৌকাকে পরাজিত করত বিএনপি: এম জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখাই ছিল আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। তবে তিনি দাবি করেন, রাষ্ট্র ও সরকার যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিত, তাহলে বিএনপি সাহসিকতার সঙ্গে মাঠে নেমে ২০০১ সালের মতো নৌকাকে ডুবিয়ে বিজয় ছিনিয়ে আনত।

তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে রাখার জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিএনপি প্রার্থীর প্রথম নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় হিন্দু কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় গুপ্ত, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন মিয়া ও ছরোয়ার হোসেন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার ও দীনেশ হালদার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী ফারহানা আক্তার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, ইউনিয়ন বিএনপি নেতা রবীন্দ্রনাথ ঘটক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ, ছাত্রদল নেতা হামিদুল ইসলাম মহিদুল, আবুবক্কর ছিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *