বরিশালের গৌরনদীতে প্রবামান খাল পাইলিং করে দখল করার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলকারীকে জেল ও জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে গৌরনদী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পালরদী নদীর শাখা খালের স্বপ্ননীড় বাড়ির সামনের খাল পাইলিং করে দখল করছিলেন মিলন মোল্লা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান দখলকারীকে আটক করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিলন মোল্লাকে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন ভঙ্গের কারণে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, “জনস্বার্থ ক্ষুণ্ন করায় এই জেল ও জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
