বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ভোলা থেকে সাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আব্বাস মিয়াজী নামে এক যুবক। তাঁর লক্ষ্য—ঢাকায় পৌঁছে প্রিয় নেতার হাতে একমুঠো ধানের শীষ তুলে দেওয়া।
আব্বাস মিয়াজী ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি এবং ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক।
যাত্রার বিবরণ ও উদ্দেশ্য:
মঙ্গলবার বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে তিনি তাঁর এই বিশেষ যাত্রা শুরু করেন। আব্বাস তাঁর সাইকেলে ধানের শীষ, তারেক রহমানের ছবিযুক্ত ফেস্টুন, জাতীয় পতাকা ও বিএনপির পতাকা বেঁধেছেন। এমনকি নিজের পুরো শরীরেও ধানের শীষ পেঁচিয়ে এক অনন্য রূপ ধারণ করেছেন।
আব্বাস মিয়াজী বলেন, “বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফিরছেন। তাঁকে একনজর দেখা এবং তাঁর হাতে ধানের শীষ তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে আমি রওনা হয়েছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। কিন্তু কোনোদিন দলের কর্মসূচি থেকে পিছপা হইনি।”
আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ৩০০ ফিট (জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই নেতার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করতেই আব্বাস মিয়াজীর এই ব্যতিক্রমী উদ্যোগ।
