পটুয়াখালী: হত্যা মামলায় কারাবন্দি থাকা পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও তার বড় ভাই, প্রথম শ্রেণির ঠিকাদার আবুল কালাম আজাদসহ তাদের স্ত্রীদের বিরুদ্ধে দুদক পটুয়াখালী পৃথক দুটি মামলা করেছে। অভিযোগ, তারা জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুদকের পটুয়াখালী অফিসে সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ সরকারী কর্মচারী হওয়ার পরও জ্ঞাত আয় বহির্ভূত ৮ কোটি ৭১ লক্ষ ৫৪ হাজার ২৩৬ টাকা ভোগদখলে রেখেছেন। তার স্ত্রী মারজিয়া আখতার সুমা ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৪৬০ টাকার সম্পদে অবৈধভাবে অংশগ্রহণ করেছেন। এই প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে মহিউদ্দিনের বড় ভাই আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২৬ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৬০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগদখলের অভিযোগ এবং তার স্ত্রী আকলিমা বেগম রুমা ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৩৭ টাকার সম্পদে অবৈধ সহযোগিতার প্রমাণের ভিত্তিতে আরেকটি মামলা দায়ের করা হয়।
দুদক কর্মকর্তা তাপস বিশ্বাস জানান, এই অপরাধের সঙ্গে আরও কারো সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
