বরিশালের বাকেরগঞ্জে এক বসতঘর থেকে ৯০ বছর বয়সী বৃদ্ধা অঞ্জলি সাহার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ছেলে প্রশান্ত কুমার ওরফে মরন সাহা এবং ছেলের স্ত্রী সন্ধ্যা রানীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের লক্ষীপাশা এলাকার মোল্লার বাজারের নিকটবর্তী ওই বাড়িতে স্থানীয়রা দরজা ভেঙে প্রবেশ করলে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ ও অচেতন ব্যক্তিদের উদ্ধার করে। ঘরের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রশান্ত সাহাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার স্ত্রী সন্ধ্যা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, ঘটনায় কি কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
