বরিশালের গৌরনদীতে এক প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটকের পর ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি ও স্থানীয় মসজিদের ইমাম মাইনুল ইসলাম পলাশকে (২৬) সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ১৫ মার্চ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মাইনুলের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠার পরপরই তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে বরিশাল জেলা সেক্রেটারিকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর একটি জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মাইনুলকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা সভাপতি স্পষ্ট করেছেন যে, এটিই সংগঠনের আনুষ্ঠানিক অবস্থান এবং এর বাইরে প্রচার হওয়া তথ্যের দায়ভার সংগঠন নেবে না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীসহ মাইনুলকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। তিনি স্থানীয় বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্থানীয়দের ফোন পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার বাদী হয়ে এ ঘটনায় দণ্ডবিধির ২৯০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানিয়েছেন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটক ইমাম মাইনুল ইসলাম ও ওই নারীকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
