ঝালকাঠির কাঠালিয়ায় জামায়েত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবো দেশপ্রেমিক দল জামায়েত ইসলামের নেতৃত্বেই নতুন সরকার গঠন হবে।
মঙ্গলবার বিকেলে কাঠালিয়ার একটি নির্বাচনী গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি। ফয়জুল হক বলেন, আজকের এই উচ্ছ্বাস প্রত্যেক ঘরে পৌঁছে দিতে হবে। নারী–পুরুষ সকলের কাছে বোঝাতে হবে জামায়েত ইসলামী বাংলাদেশের গণমানুষের দল। এই দাওয়ার মাধ্যমে আগামী সংসদে জামায়েত ইসলামের জয় নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভোটারদের ভোট দিতে গিয়ে ভয়ভীতি, সন্ত্রাস বা দখলদারি সহ্য করা হবে না। রাজাপুর–কাঠালিয়ায় এসব কাজের স্থান নেই। এখান থেকেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হবে এবং সংসদে প্রতিনিধিত্ব করবে।
ড. ফয়জুল হক বলেন, আপনাদের ভালবাসা ও আল্লাহর রহমত কামনা করছি। আমরা রাজাপুর ও কাঠালিয়াকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এখানে ধর্ম, পেশা বা অবস্থান নির্বিশেষে সবাই একসাথে বসবাস করবে।
তিনি আরও বলেন, সবাই মিলে একটি আদর্শ নগরী প্রতিষ্ঠা করবো।
পথসভা শুরুর আগে জামায়েত ইসলামের নেতাকর্মীরা বৃহৎ গণমিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কাঠালিয়া বাসষ্ট্যান্ডের পাশে অবস্থিত জামায়েত ইসলামের উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন ড. ফয়জুল হক এবং কাঠালিয়া উপজেলা জামায়েত ইসলামের আমির মাষ্টার মোহাম্মদ মজিবর রহমান। মিছিল ও সমাবেশে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়েত ইসলামের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
