বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, “যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক দেশের জন্য অপরিহার্য। গণমাধ্যমকর্মীরা সমাজের প্রতিটি মানুষের খোঁজখবর নিলেও তাদের খোঁজ কেউ রাখে না, যা দুঃখজনক।”
শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:
-
গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
-
আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান।
-
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান।
-
গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ গৌরনদীতে কর্মরত শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
