বরিশালের গৌরনদী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন গৌরনদী উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, মসজিদভিত্তিক পাঠাগার প্রকল্পের কেয়ারটেকার মাওলানা আব্দুল মালেক এবং মাওলানা আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন উপজেলার মোট ২৪ জন আবেদনকারীর মধ্যে যাকাতের নগদ ৮৯ হাজার টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যাকাত সমাজের বৈষম্য দূর করে এবং আর্তমানবতার সেবায় এটি ইসলামের এক অনন্য বিধান। স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত হকদারদের মাঝেই এই অর্থ বিতরণ করা হয়েছে।
