গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় তরুণ চিকিৎসক ও সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন চিকিৎসক সৈয়দ মো. শরিফুল আলম মাহিম (২৭)। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মুগদা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি এবং গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের প্যাথলজি ব্যবসায়ী সৈয়দ শাহ আলমের ছেলে। রোববার সকালে ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুগদা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে একটি বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করতেন শরিফুল। শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী নামক স্থানে একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *