বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বেদে সম্প্রদায়ের লোকদের বহনকারী একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে দুইজন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরীয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বেদে সম্প্রদায়ের লোকজন পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি এলাকায় ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। এই সময় একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে চাপ দিলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাক উল্টে মহাসড়কের পাশের পুকুরে ডোবায় পড়ে যায়। এতে ২৩ জন আহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী এবং গৌরনদী হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
