গলাচিপা উপজেলা প্রতিনিধি: গলাচিপায় মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইদ, গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, সেনাবাহিনী গলাচিপা ক্যাম্প কমান্ডার মো. রিফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন এবং গণ অধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আয়োজনের সমাপ্তি ঘটে।
