আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এবং এসডিডিবি প্রকল্পের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সভার মূল লক্ষ্য ছিল মাঠ পর্যায়ে কার্যক্রম পর্যালোচনা ও প্রবীন প্রতিবন্ধীদের কল্যাণমূলক কর্মকাণ্ডের উন্নয়ন।

রোববার সকালে উপজেলা গৈলা মডেল ইউনিয়নের এসডিডিবি প্রকল্পের পতিহার ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রবীন ও প্রতিবন্ধী ইউনিয়ন ফোরামের সভাপতি ইস্তেফান গোমেজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান প্রতিনিধি মিসেস টিমি এ্যানালিনার। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের অসহায়, প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন করা। কারিতাসের মাধ্যমে যে অর্থায়ন করা হচ্ছে, তা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভায় আরও বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ফ্রান্সিস বেপারী, এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায়, সমাজসেবক প্রদীপ রায়, দীপ্তি বিশ্বাস, এসএম শাজাহান, আব্দুল মান্নান, এ্যানিমেটর সুনীল মল্লিক, সহায়িকা লীলা বিশ্বাস, এবং প্রতিবন্ধী ফাহাদ ফকির ও ঝুমা কর।

সভায় প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের অধিকার, সুযোগ সুবিধা, এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিষয়ক সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় স্তরে কার্যকর নীতি প্রণয়ন এবং বাস্তবিক সহায়তা কার্যক্রম শক্তিশালী করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *