উজিরপুরে ঠিকাদারি বিরোধে কাউন্সিলরকে কুপিয়ে জখম: এলাকায় উত্তেজনা ও বিক্ষোভ

বরিশালের উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন সিকদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার শিকার হন তিনি। ঠিকাদারি কাজের বিরোধের জের ধরে বাদল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি তাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে রাতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পৌরসভার একটি উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ে কাউন্সিলর নাসির উদ্দিনের সাথে একই ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে বাদল হাওলাদারের বিরোধ চলছিল। নাসির উদ্দিনের দাবি, তিনি স্থানীয় এক ঠিকাদারের লাইসেন্সে টেন্ডার জমা দিয়ে কাজ পান। কিন্তু বাদল সেই কাজ তাকে ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। কাজ দিতে অস্বীকার করায় বাদল তার ওপর ক্ষিপ্ত হন।

হাসপাতালে চিকিৎসাধীন কাউন্সিলর নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে তিনি ইচলাদী বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাদল হাওলাদার অতর্কিতভাবে দোকানে থাকা সিরামিকের একটি ভারী মগ ভেঙে তার ধারালো অংশ দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। তাকে হত্যার উদ্দেশ্যেই মাথায় আঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা অবিলম্বে হামলাকারী বাদলকে গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত বাদল হাওলাদার পলাতক রয়েছেন এবং তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান জানান, ঠিকাদারি সংক্রান্ত বিরোধের জেরে একটি ভাঙ্গা মগ দিয়ে কাউন্সিলরকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; তবে অভিযোগ পেলে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *