বরিশালে দুটি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান চালিয়ে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ নামের দুটি রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে। প্রতিটি রেস্তোরাঁকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রবিবার বিকেল ৪টায় পরিচালিত অভিযানে রেস্তোরাঁগুলোতে বিএসটিআই লাইসেন্সের শর্ত অমান্য, দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে খাবার প্রস্তুত এবং নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএনএফএ), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা গোলাম রাব্বি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল হাসান জানান, জনস্বার্থে ও মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *