বরিশালের গৌরনদী উপজেলায় এক বিশিষ্ট ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে পৌরসভার উপ-নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য শিকদার শফিকুর রহমান রেজাউলের বিরুদ্ধে। দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে টরকী বন্দরের ব্যবসায়ী এবং স্থানীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. মামুন শিকদারকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে জানা গেছে। আহত ব্যবসায়ীকে বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী মামুন শিকদার জানান, সম্প্রতি অনুষ্ঠিত গৌরনদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে ‘চামচ’ প্রতীকের প্রার্থী রেজাউল নির্বাচন চলাকালেই তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বারবার হুমকি দেওয়া হতো। গত ২৭ জুন নির্বাচনে পরাজিত হওয়ার পর রেজাউলের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। গত রবিবার রাতে রেজাউল তাকে ডেকে নিয়ে একটি দোকান বরাদ্দের তদ্বির করেন এবং পূর্বের দাবিকৃত চাঁদার টাকা দাবি করেন। মামুন শিকদার সেই দাবি পুনরায় প্রত্যাখ্যান করলে ওই রাতেই বাড়ি ফেরার পথে টরকী বন্দর হাইস্কুল রোডে রেজাউল তার সহযোগীদের নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলার শিকার মামুন শিকদারের চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শিকদার শফিকুর রহমান রেজাউলকে প্রধান আসামি করে মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে গত ১৪ জুনও একই প্রার্থীর বিরুদ্ধে চাঁদা না পেয়ে টরকী বন্দরের অন্য এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছিল।
অভিযুক্ত রেজাউল সিকদার অবশ্য চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার সাথে ‘বেয়াদবি’ করায় কেবল হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। গৌরনদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং প্রধান আসামিসহ জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
