সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া এবং পৌর মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনির হোসেন মিয়া বলেন, কোটা আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে তিনি সতর্ক করে দেন যে, এই আন্দোলনকে পুঁজি করে কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ রাজপথে থেকে তা কঠোরভাবে প্রতিহত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, ইখতিয়ার হোসেন হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
