মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাঁর সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান এবং হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান।
আলোচনা সভায় আলোচক হিসেবে একুশের তাৎপর্য তুলে ধরেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তারা তাদের বক্তব্যে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান ও লোকসংগীতে মঞ্চ মাতিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন সাংবাদিক ও শিল্পী কাজী আল আমিন এবং আমিন মোল্লাসহ অন্যান্য আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানটিতে স্থানীয় সুধী সমাজ, সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
