দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বরিশালের গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ স্থানীয় দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয়।
গৌরনদী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক জহুরুল ইসলাম।
উক্ত অর্থ বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, মসজিদভিত্তিক পাঠাগার প্রকল্পের কেয়ারটেকার মাওলানা আব্দুল মালেক এবং সাধারণ কেয়ারটেকার মাওলানা আলামিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় এবার বাছাইকৃত মোট ২৪ জন যাকাত গ্রহীতার মধ্যে নগদ ৮৯ হাজার টাকা বিতরণ করা হয়। যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা যেন নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
