২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত বরিশালের গৌরনদী উপজেলার ৩৩ জন যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রত্যেক আহত ব্যক্তিকে এক লক্ষ টাকা করে মোট ৩৩ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. খাইরুল ইসলাম এবং আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন।
অনুষ্ঠানে আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থীর মা মোর্শেদা বেগম এবং ছাত্রের বাবা মো. শাহজাহান শরীফ। সভার শুরুতে আহতদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
