দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র টরকী বন্দরের উন্নয়ন ও ঘর মালিকদের স্বার্থ রক্ষায় ‘টরকী বন্দর মালিক সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি বার্থী ভবনে আয়োজিত ঘর মালিকদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনা শেষে আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন মিয়াকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান সান্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন শরীফ, টরকী বণিক সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ অলিউল ইসলাম এবং গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও বক্তারা তাদের বক্তব্যে টরকী বন্দরের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে হোল্ডিং ট্যাক্স যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা এবং বন্দরের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে ঘর মালিক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভায় উপস্থিত অর্ধশতাধিক ব্যবসায়ী ও ঘর মালিক এই কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বন্দরের সার্বিক সমস্যা সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
