ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের নির্বাচনী এলাকাগুলোতে বইছে ভোটের হাওয়া। গত ১৭ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে মোট ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। বরিশাল রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বরিশাল-৪ আসনটি বাদে বাকি সব আসনেই প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন।
তথ্য অনুযায়ী, বরিশাল-১ আসন থেকে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা আব্দুস সোবহান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফরম নিয়েছেন বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম। অন্যদিকে, বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সবচেয়ে বেশি আলোচনা ও গুরুত্ব পাওয়া বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হেভিওয়েট প্রার্থীরা। এদের মধ্যে রয়েছেন বিএনপির মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং বাসদের ডা. মনীষা চক্রবর্ত্তী। তবে এখন পর্যন্ত বরিশাল-৪ আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় সেখানে নির্বাচনী কার্যক্রম কিছুটা ধীরগতিতে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বাকি সময়ের মধ্যে প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
