খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনা জেলার আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দেবা (৪৩) নামে একজন আহত হয়েছেন। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এমদাদুল হক মিলন একটি অনলাইন পত্রিকায় কর্মরত ছিলেন এবং আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি ছিলেন।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এমদাদুল হক মিলন শলুয়া বাজারে অবস্থিত জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় দুইটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চায়ের দোকানে উপস্থিত থাকা দেবা নামের অপর ব্যক্তি আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, “আমরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *