বিদেশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদেশ নেওয়ার কথা বলে প্রতারণা করে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে দীর্ঘদিন আগে সৌদি আরব পাঠিয়েছিল দালাল ইমরান ভূঁইয়া। এর ভিত্তিতে ইমরান ভূঁইয়া ও তার পিতা নুরু ভূঁইয়া তাদের পরিবারের সহযোগিতায় রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় পাঠানোর প্রলোভনে ফেলে। ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে তারা ৩২ লক্ষ টাকা হাতিয়ে নেন।

প্রতারণার ফাঁদে পড়ে রাসেল ও রাজিব শরীফসহ তাদের পরিবার নিঃস্ব হয়ে যায়। প্রতারকচক্র ভুয়া ভিসা ও কোম্পানীর চুক্তিপত্র দেখিয়ে দীর্ঘদিন টাকা ফেরত দিতে বিলম্ব করে। অবশেষে রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় নুরু ভূঁইয়া, ইমরান ভূঁইয়া ও আরও ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এরপর মঙ্গলবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন নুরু ভূঁইয়া ও তার ছেলে মো. নবীন ভূঁইয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, “বিদেশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাদীর পরিবার থেকে টাকা নিয়েছে আসামীরা। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

বাদী রাসেল শরীফ বলেন, “ইমরান ও নুরু ভূঁইয়া আমাদের পরিবারকে প্রতারণার মাধ্যমে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমরা থানায় মামলা দায়ের করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *