গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা এলাকায় প্রবাসী রবিউল শিকদারের স্ত্রী মনি শিকদার স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসে থাকা তার স্বামীর অনুপস্থিতিতে কান্ডপাশা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মো. জুয়েল সরদার, নিবির সরদার ও মো. হামিম প্যাদা তাকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে একাধিকবার তাকে মারধর করে জখম করেছে।

মনি শিকদার অভিযোগে আরও উল্লেখ করেছেন, হামলাকারীরা তার কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা নিয়েছে এবং আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করছে। পাশাপাশি তারা তাকে ও তার ১২ বছরের কন্যাকে হুমকি দিয়ে সামাজিকভাবে হেয় করার প্রচারণা চালাচ্ছে। এতে তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি তারা গুচ্ছগ্রামে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি চালানোর চেষ্টা করছে এবং দাবিকৃত টাকা না দিলে তাকে ও তার পরিবারকে হত্যা করার হুমকি দিয়েছে।

মনি শিকদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারসহ স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *