হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ঘটনার কয়েক দিন আগে কবির ফয়সালের সঙ্গে বাংলামোটরে অবস্থিত হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সোমবার রাতে জানান, আগের রাতে নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। একই জেলার বাসিন্দা ফয়সাল করিমও। র‌্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী জানান, গত ৫ ডিসেম্বর কবির ফয়সালের সঙ্গে বাংলামোটরে অবস্থিত ইনকিলাব কালচারাল সেন্টারে যান। শুরুতে কবির বিষয়টি অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি ধরা পড়ে। ফুটেজ দেখানোর পর তিনি স্বীকার করেন যে, সেদিন তারা দু’জন ওই প্রতিষ্ঠানটি দেখার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে প্রথমে র‌্যাব আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।

এছাড়া হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকেও গ্রেফতার করেছে র‌্যাব। অন্যদিকে, হামলায় জড়িতদের পালিয়ে যাওয়া ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে আরও দুইজনকে গ্রেফতারের তথ্য দেয়।

উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি, যিনি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানান। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *