বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। সোমবার দুপুর থেকে উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামে প্রেমিক রতন গাইনের বাড়িতে এই অনশন কর্মসূচি শুরু করেন সঞ্জিতা সরকার নামে ওই তরুণী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাড়ি গ্রামের সুশান্ত সরকারের মেয়ে সঞ্জিতা এবং রমেশ গাইনের ছেলে রতনের মধ্যে গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। রতন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন এবং সঞ্জিতা নার্সিং পড়ছেন। সঞ্জিতার দাবি, তারা গত তিন বছর ঢাকায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করেছেন। সম্প্রতি রতন বাড়িতে এসে অন্য জায়গায় বিয়ের প্রস্তুতি নিলে সঞ্জিতা খবর পেয়ে তার বাড়িতে হাজির হন। সঞ্জিতার আগমনে প্রেমিক রতন বাড়ি থেকে পালিয়ে যান।
সঞ্জিতা সরকার জানান, রতন তাকে বিয়ে না করলে তিনি ওই বাড়িতেই আত্মহত্যা করবেন। খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয়রা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি অনশন ভঙ্গ করেননি। রতনের পিতা রমেশ গাইন জানিয়েছেন, তার ছেলে বিয়ে করলে আপত্তি নেই, তবে তারা ওই বাড়িতে থাকতে পারবে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
