আগৈলঝাড়ায় নারী সহকর্মীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ: তদন্তে সত্যতা পাওয়ার দাবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একই অফিসের উচ্চমান সহকারী হিসাবরক্ষক রীতা রানী বিশ্বাসকে উত্যক্ত করা, কু-প্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। গত ১৫ বছর ধরে একই স্টেশনে কর্মরত সুভাষ চন্দ্র মন্ডল স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহকর্মীদের সাথে দীর্ঘ দিন ধরে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রীতা রানী বিশ্বাসের অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে তিনি যোগদানের পর থেকেই সুভাষ তাকে উত্যক্ত করতেন। ২০২৩ সালে তার স্বামী মারা যাওয়ার পর সুভাষ আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং অফিস চলাকালীন তার কক্ষে ঢুকে মানসিকভাবে চাপ সৃষ্টি ও একাধিকবার শ্লীলতাহানি করেন। উপজেলা কৃষি কর্মকর্তার কাছে প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশাল জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মাৎ মরিয়মকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান জানান, তারা ইতিমধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন সচিবের কাছে জমা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একজন সদস্য জানিয়েছেন যে, ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত সুভাষ চন্দ্র মন্ডল অভিযোগ অস্বীকার করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন জানিয়েছেন, সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *