গৌরনদীতে জমি নিয়ে বিরোধ: সৎ ছেলে-মেয়ের পিটুনিতে মা হাসপাতালে

বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ মা সেলিনা বেগমকে (৫৫) পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তার সৎ সন্তানদের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই হামলায় আহত সেলিনা বেগমকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বৃদ্ধ স্বামী মোসলেম উদ্দিন হাওলাদারও (৭০)। বর্তমানে সেলিনা বেগম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মোসলেম উদ্দিন জানান, তার প্রথম পক্ষের সন্তানরা জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় প্রায়ই তারা দ্বিতীয় স্ত্রীর ওপর চড়াও হতো। শনিবার দুপুরে তার তিন মেয়ে—জাহানারা বেগম, নাজমা বেগম, শারমিন বেগম এবং ছেলে মাইনুল ইসলাম দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে সেলিনা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার বড় পুত্রবধূ সুলতানা রাজিয়া বাদী হয়ে তিন ননদ ও এক দেবরের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তরা মারধরের কথা অস্বীকার করে একে পারিবারিক ঝগড়া বলে দাবি করেছেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *