সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, “যে ব্যক্তি যে ধর্মই পালন করুক না কেন, সকলেই এদেশের নাগরিক।” শনিবার দুপুরে গৌরনদী উপজেলা সদরের কেজি স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবীন্দ্রনাথ ঘটকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি জোর দিয়ে বলেন যে, অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং এই সম্প্রীতি বজায় রাখা গণতন্ত্রের জন্য অপরিহার্য। সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্নাসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একই দিন বিকেলে গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ‘গণ-শোক ও সম্প্রীতি সমাবেশে’ জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তিনি উল্লেখ করেন, যারা পালিয়ে আছে তারা ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদের হাতে গুম, খুন ও ক্রসফায়ারে নিহত শহীদদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
