গৌরনদীতে দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন

বরিশালের গৌরনদীতে দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মতো সম্পূর্ণ স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ দেড় দশক পর এমন নিরপেক্ষ পদ্ধতিতে কাজ বরাদ্দের সুযোগ পেয়ে সাধারণ ঠিকাদারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুমে উন্মুক্ত লটারির এই আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এইচবিবি প্রকল্পের অধীনে সরিকল ও বাটাজোর ইউনিয়নে দুই কিলোমিটার মাটির রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের জন্য গত মাসে দরপত্র আহ্বান করা হয়। গত ৬ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দুই প্যাকেজের বিপরীতে মোট ২৪৯টি আবেদন জমা পড়ে। বুধবার যাচাই-বাছাই শেষে উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিনসহ শতাধিক ঠিকাদারের উপস্থিতিতে লটারি সম্পন্ন হয়। এতে মেসার্স বনলতা এন্টারপ্রাইজ ও শরীফ এন্টারপ্রাইজ বিজয়ী নির্বাচিত হয়।

লটারিতে বিজয়ী মেসার্স বনলতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম জহির জানান, গত ১৬ বছর গৌরনদীতে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া সাধারণ ঠিকাদারদের দরপত্র জমা দেওয়ার সুযোগই ছিল না। ৫ আগস্টের পর প্রশাসনের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি হওয়ায় তারা এই সুযোগ পেয়েছেন। লটারিতে হেরে যাওয়া অন্যান্য ঠিকাদাররাও এই স্বচ্ছ প্রক্রিয়ার প্রশংসা করে বলেন, চোখের সামনে নিরপেক্ষভাবে লটারি হওয়ায় সন্দেহের কোনো অবকাশ নেই। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান জানান, ভবিষ্যতে প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধারা অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *