বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক মামলার শিকার হওয়া জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির অবশেষে সকল মিথ্যা মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেয়েছেন। শনিবার সকালে তাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। আদালত ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনকালে স্থানীয় প্রভাবশালীদের দুর্নীতি, চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে সাহসী লেখনী অব্যাহত রাখায় জহিরকে দমানোর জন্য একে একে পাঁচটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এই সাংবাদিকের বিরুদ্ধে ২০১৮ সালে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং মানহানির মতো ভিত্তিহীন অভিযোগ এনে মামলাগুলো সাজানো হয়। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৩ জানুয়ারি বরিশাল চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফসান শারমিন ইভা তাকে নির্দোষ ঘোষণা করে চূড়ান্ত রায় প্রদান করেন। এই রায়ের মাধ্যমে দীর্ঘ কয়েক বছরের মানসিক ও সামাজিক হয়রানির অবসান ঘটলো। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক জহির জানান, সত্যের জয় হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
