দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পৌর কর্মচারীকে মারধরের অভিযোগে গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিষ্কৃত

বরিশালের গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে এক কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগে গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গত ১৯ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই বহিষ্কারের নির্দেশ দেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, গত ১১ মার্চ দুপুরে অফিস চলাকালীন সময়ে ফরিদ মিয়া তাঁর দলবল নিয়ে গৌরনদী পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের ওপর আকস্মিক হামলা চালান। ভুক্তভোগী গিয়াস উদ্দিন খন্দকার উপজেলা শ্রমিক দলের সদ্য প্রয়াত সভাপতির ছোট ভাই। এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৬ মার্চ ফরিদ মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ফরিদ মিয়া নোটিশের কোনো জবাব দেননি। বরং অভিযোগ উঠেছে, শোকজ নোটিশ পাওয়ার পর তিনি আবারও দলবল নিয়ে গিয়ে ভুক্তভোগী কর্মচারীকে সাদা কাগজে সই করতে বাধ্য করার মতো ধৃষ্টতা দেখিয়েছেন। দলীয় শিষ্টাচার বহির্ভূত এবং ধৃষ্টতাপূর্ণ আচরণের কারণে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজের বিরুদ্ধে দলের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে গৌরনদী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *