বরিশালের বাকেরগঞ্জে ব্যবসায়ীকে হেনস্তা ও চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে এক ব্যবসায়ীকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মোটা অংকের চাঁদা দাবি এবং তা না পেয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক দল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীকে বাঁচাতে গিয়ে তার বৃদ্ধা মা-ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মহসিন বিশ্বাস জানান, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে উপজেলা কৃষক দলের এক প্রভাবশালী নেতা দলীয় কর্মকাণ্ড পরিচালনার দোহাই দিয়ে তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে এলাকা ছাড়া করাসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। বিষয়টি নিয়ে মহসিন জেলা পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ জানালে ওই নেতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, গত বুধবার রাতে বাড়ির সামনে কথা বলার সময় অভিযুক্ত নেতা মোটরসাইকেল থামিয়ে তাকে গালিগালাজ করেন এবং গুলি করে মেরে ফেলার হুমকি দেন। পরদিন বৃহস্পতিবার দুপুরে সহযোগীদের নিয়ে পুনরায় ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন তিনি। এ সময় মহসিনের বৃদ্ধা মা প্রতিবাদ করলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযুক্ত ব্যক্তি ওই ব্যবসায়ীকে উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন বলেও দাবি করেন ভুক্তভোগী।

এদিকে, মহসিন বিশ্বাস নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করে বলেন, তিনি কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। কেবলমাত্র তাকে সামাজিকভাবে হেয় করতে এবং আর্থিক সুবিধা নিতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে অতীতেও মুক্তিযোদ্ধাদের হেনস্তা ও সাধারণ মানুষের ওপর ক্ষমতার দাপট দেখানোর নানা অভিযোগ রয়েছে।

অভিযুক্ত কৃষক দল নেতা অবশ্য তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তবে বরিশাল জেলা কৃষক দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং অভিযুক্তকে তলব করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। বর্তমানে ওই ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *