গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

৫২’র ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে বরিশালের গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টরকী নীলখোলাস্থ আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে এই আই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মোল্লাহ মাহফুজ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. খাইরুল ইসলাম এবং সাংবাদিক সোলায়মান তুহিন।

এবারের ক্যাম্পে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বেনজীর বুশরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে মোট ১৮৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে ৪৭ জন ছানি রোগী এবং ১২ জন নেত্রনালী রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১২৬ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা সরবরাহ করা হয়।

উল্লেখ্য, আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি তিন মাস অন্তর এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও এই প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হতদরিদ্র মানুষকে বিনামূল্যে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *